সিন্ধু পানি চুক্তি নিয়ে বিশ্বব্যাংক-গঠিত কোর্ট অব আরবিট্রেশনের দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, এই সালিশি ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার ভারত স্বীকার করে না এবং এর সিদ্ধান্তও ভারতের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক নয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ভারত শুরু থেকেই এই সালিশি প্যানেলকে স্বীকৃতি দেয়নি। এমনকি ট্রাইব্যুনালের কার্যক্রমেও অংশ নেয়নি নয়াদিল্লি। ফলে আদালতের দেওয়া কোনো রায়ের সঙ্গে ভারত নিজেকে আবদ্ধ মনে করে না। একই সঙ্গে ভারত আবারও জানিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি বর্তমানে স্থগিতাবস্থায় রয়েছে।
এর আগে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত কোর্ট অব আরবিট্রেশন জানায়, চুক্তি স্থগিত বা বাতিল করার পক্ষে ভারতের দেওয়া কারণগুলো চুক্তি স্থগিতের জন্য যথেষ্ট নয়। আদালত ভারতকে চুক্তির অধীনে থাকা বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানায়।
তবে ট্রাইব্যুনালের এই অবস্থানও প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের দাবি, সিন্ধু পানি চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিকভাবে এই সালিশি প্যানেল গঠন করা হয়েছে। তাই ভারতের সার্বভৌম সিদ্ধান্ত এবং চুক্তির আওতাধীন অবকাঠামো প্রকল্পের বিষয়ে ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নেই।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে পাহেলগামে সন্ত্রাসী হামলার পর সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। নয়াদিল্লি তখন জাতীয় নিরাপত্তা এবং সীমান্তপারের সন্ত্রাসবাদের বিষয়টি সামনে আনে। এরপর থেকেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ভারত স্পষ্ট করে বলেছে, চুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের সার্বভৌম অধিকার। সালিশি আদালতের কোনো মন্তব্য বা রায় ভারতের পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো প্রকল্পের ওপর প্রভাব ফেলবে না।
Geopulse TV
