ভারতীয় ব্যবসা ও উৎপাদনকারী সংস্থাগুলিকে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সুযোগ দিতে ওমানের বন্দর ও শিল্পাঞ্চলকে তুলে ধরছে দেশটি । নয়াদিল্লীতে আয়োজিত দুদিনের এক রোড শোয়ে ভারতীয় ব্যবসায়ীদের ওমানের বন্দর, ফ্রী জোন শিল্পাঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে । বাণিজ্যিক পরিকাঠামো এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছে ওমান।
ভারতে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত ইসা সালেহ আবদুল্লাহ আলশিবানি জানিয়েছেন, ভারতীয় উৎপাদনকারী সংস্থাগুলির জন্য ওমানের বন্দরগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । তাঁর কথায় “সোহার এবং ওমানের বেশিরভাগ বন্দর এখন ভারতীয় উৎপাদন শিল্পের ওমান, মধ্যপ্রাচ্য এবং বৃহত্তর আন্তর্জাতিক বাজারে সম্প্রচারণের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠেছে।” নয়াদিল্লিতে আয়োজিত এই রোড শোয়ের মাধ্যমে ভারতীয় সংস্থাগুলিকে ওমানের বাণিজ্যিক পরিকাঠামো এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানানো হয়েছে। ওমানের দূতাবাসের উদ্যোগে দেশটির বিভিন্ন অংশীদারকে ভারতে নিয়ে এসে বাণিজ্যিক সম্ভবনা তুলে ধরা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। অ্যাসোচ্যামের ন্যাশনাল কাউন্সিল অন সেজস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনস-এর কো-চেয়ারম্যান হিতেন্দর মেহতা বলেন, ভারত ও ওমানের মধ্যে কমপ্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা CEPA ১ জুন, ২০২৬ থেকে কার্যকর হওয়ার পর এই রোড শো যথেষ্ট সময়োপযোগী।
তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় বিনিয়োগকারীরা ওমানের ব্যবসা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ফ্রি জোন এবং সেখানে গড়ে ওঠা পরিকাঠামো সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি, ভারতীয় সংস্থাগুলির জন্য ওমান কী ধরনের বাজার তৈরি করছে, সেই বিষয়েও ধারণা পাওয়া যাচ্ছে। দু’দিনের এই রোড শোয়ের মূল ভাবনা ছিল “ইওর গেটওয়ে টু ইন্টারন্যাশনাল মার্কেটস”। ভারতীয় ব্যবসায়ী, উৎপাদনকারী সংস্থা এবং রফতানিকারকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ওমানের মাধ্যমে উৎপাদন, পণ্য সরবরাহ এবং লজিস্টিকস ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নির্দিষ্ট বিনিয়োগের সুযোগ, সম্ভাব্য অংশীদারিত্ব এবং ওমানের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের পথ নিয়ে B2B বৈঠকও হয়।
রাষ্ট্রদূত আলশিবানি আরও বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে ওমানের স্থিতিশীলতা এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশটির ক্রমবর্ধমান আকর্ষণ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তাঁর বক্তব্য, ওমান শুধু দেশের নিজস্ব বাজারের জন্য নয়, বৃহত্তর আন্তর্জাতিক বাজারে ব্যবসা করতে চাওয়া বিনিয়োগকারীদের কাছেও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। রোড শোয়ে “সোহর পোর্ট অ্যান্ড ফ্রিজোন”-এর সমন্বিত বন্দর ও ফ্রি জোন পরিকাঠামো, বিভিন্ন শিল্পক্ষেত্রে বিনিয়োগের সুযোগ এবং ওমান থেকে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তুলে ধরা হয়। “সোহর পোর্ট অ্যান্ড ফ্রিজোন”-এ মোট ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে বলে জানানো হয়েছে। প্রতি বছর ৭২ মিলিয়ন টনেরও বেশি পণ্য এই বন্দর দিয়ে পরিবহণ করা হয়। অ্যাসোচ্যামের সঙ্গে আগের ওয়েবিনারগুলির পর এই রোড শোয়ে নির্দিষ্ট বিনিয়োগের আলোচনা এবং ভারতীয় সংস্থাগুলির সম্ভাব্য অংশীদারিত্বের দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
Geopulse TV
