আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি ইউনিটের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি ইউনিটের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এ প্রতিবাদ জানায়। মন্ত্রণালয়ের বিবৃতিতে পাকিস্তানি নৌ ইউনিটগুলোর আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে।
ভারত জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত ওই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভারতের দাবি, পাকিস্তানি নৌ ইউনিটগুলোর আচরণ ১৯৯১ সালের এপ্রিল মাসে স্বাক্ষরিত ভারত-পাকিস্তানের সামরিক মহড়া, কৌশলগত চলাচল ও সেনা মোতায়েনের বিষয়ে আগাম নোটিশ সংক্রান্ত চুক্তির সরাসরি লঙ্ঘন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বিষয়টি সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে বলেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দুই দেশের সামরিক ইউনিটগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির বিধান মেনে চলার প্রয়োজনীয়তার কথাও জানানো হয়েছে।
এদিকে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল। আন্তর্জাতিক জলসীমায় সামরিক ইউনিটগুলোর চলাচলের ক্ষেত্রে যোগাযোগ ও পারস্পরিক চুক্তি মেনে চলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
Geopulse TV
