নাইরোবি: কেনিয়ার কেন্দ্রীয় অঞ্চলের লোলকওয়ে পর্বতে (Mount Ololokwe) এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান এবং তার স্ত্রীসহ মোট সাতজন নিহত হয়েছেন।
সম্বুরু কাউন্টিতে স্থানীয় সময় বুধবার সকাল আনুমানিক ৯টা ১৩ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাতজনের মধ্যে ছয়জন পর্যটক এবং একজন পাইলট ছিলেন।
নিহত গোয়েন্দাপ্রধানের নাম মিশেল সেন্সি-কন্টুজি (৪৪) এবং তার স্ত্রী ফ্যাশন ডিজাইনার স্টেফানি হোলিহান (৪২)। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক ছিলেন। স্টেফানি হোলিহানও মার্কিন নাগরিকত্বের অধিকারী ছিলেন।
পর্যটন ফ্লাইটে ঘটে দুর্ঘটনা: কেনিয়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি (KCAA) জানিয়েছে, হেলিকপ্টারটি লোই সাবা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেশ কয়েকটি জাতীয় পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া এওয়াসো নাইরো নদীর দিকে একটি দর্শনীয় বা দৃশ্যমান ফ্লাইটে (Scenic Flight) যাচ্ছিল।
সম্বুরু কাউন্টি মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং ব্যক্তিগত বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। দুর্ঘটনার পর কেনিয়া রেড ক্রসের সদস্যরা পাহাড়ের বনাঞ্চলে পৌঁছান, যেখানে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির অবশিষ্টাংশ জ্বলছিল।
ইকুয়েডর সরকারের শোক প্রকাশ: ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ২০২৪ সালের জানুয়ারিতে মিশেল সেন্সি-কন্টুজিকে দেশটির সেন্টার অব স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্সের (CIES) পরিচালক হিসেবে নিযুক্ত করেছিলেন।
তার এবং তার স্ত্রীর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ইকুয়েডরের প্রেসিডেন্টের কার্যালয় এবং জাতীয় অ্যাসেম্বলি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
Geopulse TV
