আর্থিক অপরাধে গেমিং ও অনলাইন জুয়া প্ল্যাটফর্মের অপব্যবহার বাড়ছে বলে সতর্ক করেছে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)। অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়নসহ বিভিন্ন ধরনের আর্থিক অপরাধে এসব প্ল্যাটফর্ম ব্যবহারের ঝুঁকি নিয়ে দেশগুলোকে সতর্ক করেছে আন্তর্জাতিক এই সংস্থা।
FATF জানিয়েছে, অপরাধীরা অনেক সময় প্রকৃতপক্ষে জুয়ায় অংশ না নিয়েই গেমিং বা জুয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ স্থানান্তর করছে। বড় অঙ্কের অর্থকে একাধিক ছোট লেনদেনে ভাগ করে দেওয়া এবং অস্বাভাবিক বা সমন্বিতভাবে বাজি ধরার মতো কৌশলও ব্যবহার করা হচ্ছে, যাতে সন্দেহজনক কার্যক্রম সহজে শনাক্ত করা না যায়।
বিশেষ করে অবৈধ ও লাইসেন্সবিহীন অনলাইন জুয়াকে বড় ধরনের ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে FATF। অপরাধীরা নিজেদের কার্যক্রমের প্রকৃত পরিচয় ও উৎস গোপন রাখতে একাধিক পেমেন্ট পদ্ধতি, ভুয়া পরিচয় এবং জটিল মালিকানা কাঠামো ব্যবহার করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
এ ধরনের অপরাধ শনাক্ত করতে নতুন কিছু ঝুঁকি-সূচক (Risk Indicators) প্রকাশ করেছে FATF। এসব সূচক সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে গেমিং ও জুয়া খাতের সন্দেহজনক লেনদেন চিহ্নিত করতে সহায়তা করবে।
FATF-এর উদ্যোগের মূল লক্ষ্য হলো গেমিং ও গ্যাম্বলিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং অন্যান্য আর্থিক অপরাধ ঠেকাতে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানগুলোর নজরদারি আরও জোরদার করা।
Geopulse TV
