ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সাময়িকভাবে মলদোভার আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে নরওয়ের উদ্দেশে যাত্রা করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী উড়োজাহাজসহ অন্তত তিনটি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়।
মঙ্গলবার মলদোভা সরকারের মুখপাত্র দমিত্রু চোরিচি জানান, দেশটির আকাশসীমা দিয়ে চলাচলকারী উড়োজাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে এই বিধিনিষেধ আরোপ করা হয়। আকাশসীমা বন্ধ থাকায় কয়েকটি ফ্লাইটের নির্ধারিত যাত্রা ব্যাহত হয়। এর মধ্যে জেলেনস্কিকে বহনকারী ফ্লাইটটিও ছিল।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আকাশসীমায় আরোপ করা বিধিনিষেধ তুলে নেয় মলদোভা কর্তৃপক্ষ। এরপর জেলেনস্কিকে বহনকারী উড়োজাহাজটি নরওয়ের উদ্দেশে যাত্রা করে।
এদিকে মলদোভার পুলিশ জানিয়েছে, দেশটির রিসকানি জেলার একটি গ্রামের কাছে একটি সূর্যমুখী ক্ষেতে একটি রুশ ড্রোন বিধ্বস্ত হয়েছে। ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে ড্রোন বিধ্বস্তের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ড্রোনের অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। মলদোভার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করার ঘটনাও সেই উদ্বেগকে আরও সামনে নিয়ে এসেছে।
Geopulse TV
