সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই যাত্রী। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে, বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। উড়ান চলাকালীন কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই যাত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই ঝগড়া হাতাহাতিতে গড়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভিতরে দুই ব্যক্তি একে অপরের সঙ্গে চরম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন। একপর্যায়ে তাঁরা পরস্পরের ওপর চড়াও হয়ে মারামারি শুরু করেন। ধস্তাধস্তির সময় এক যাত্রীর পরনের টি শার্ট ছিঁড়ে যায়। বিমানের ভিতরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় বলে জানা গিয়েছে। ঘটনা নজরে আসতেই বিমানের কেবিন ক্রুরা দ্রুত সেখানে পৌঁছন। তাঁরা দুই যাত্রীকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সহযাত্রীরাও এই ঘটনায় হস্তক্ষেপ করেন বলে জানা গিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি জানান, বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা হয়েছিল। যাত্রাপথে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি নজরে আসার পর কেবিন ক্রুরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে দুই যাত্রীর মধ্যে ঠিক কী কারণে কথা কাটাকাটি শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।
Geopulse TV
