ভারতীয় বায়ুসেনার হাতে আজ তুলে দেওয়া হবে এলসিএ তেজস ও এলসিএ প্রশিক্ষণ বিমান। বেঙ্গালুরুতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই অনুষ্ঠানে পবন হংসের হাতে তুলে দেওয়া হবে চারটি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার।
রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) ভারতীয় বায়ুসেনার হাতে দুটি এলসিএ এফওসি ট্রেনার বিমান এবং প্রথম এইচটিটি ৪০ বেসিক ট্রেনার বিমান তুলে দেবে। পাশাপাশি পবন হংসকে দেওয়া হবে চারটি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার। এই হস্তান্তর ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
২০১০ সালে এইচএএল-এর সঙ্গে ভারতীয় বায়ুসেনার ১৬টি এলসিএ ফাইটার বিমান এবং চারটি দুই আসনের এলসিএ বিমান সরবরাহের চুক্তি হয়। এই বিমানগুলি এফওসি বা ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স কনফিগারেশনে তৈরি করা হয়েছে। এইচএএল-এর পরিকল্পনা অনুযায়ী, ২০৩৩ থেকে ২০৩৪ সালের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে ২৯টি এমকে১এ দুই আসনের এলসিএ তেজস বিমান তুলে দেওয়া হবে। এইচটিটি ৪০ হল ভারতীয় বায়ুসেনার প্রাথমিক প্রশিক্ষণের জন্য তৈরি বিমান। নতুন প্রশিক্ষণ বিমান হাতে এলে ভবিষ্যতের পাইলটদের প্রশিক্ষণ ব্যবস্থায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে, ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলি পবন হংসের পরিষেবায় যুক্ত হবে। এই হস্তান্তরের মাধ্যমে দেশীয় বিমান নির্মাণ সংস্থার তৈরি আরও কয়েকটি বিমান ও হেলিকপ্টার পরিষেবায় যুক্ত হতে চলেছে।
Geopulse TV
