ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ এগিয়ে নিতে গ্যাস পাইপ লাইন এর কাজ শুরু করা হচ্ছে। এই কারণে ১৮ সেপ্টেম্বর মানে আগামীকাল সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবারাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মোট ২৪ ঘণ্টা এই বিগ্ন ঘটতে চলেছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানিয়েছে, পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার দুই ধারে গ্যাস সরবরাহ স্থগিত থাকবে। এই সময় ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস তথা বেক্সিমকো শিল্প কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর ও সাভার টাউন এলাকায় গ্যাস পাওয়া যাবে না। একইসঙ্গে সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাঙ্ক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান ও চারাবাগ এলাকাতেও সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুসারে বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল ও লতিফপুর এলাকাও এই তালিকায় রয়েছে। মানিকগঞ্জ ও তার সংলগ্ন এলাকাতেও একই সময়ে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে স্থগিত থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত এলাকার আশপাশেও এই সময় গ্যাসের চাপ কমে যেতে পারে। পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য সাময়িক অসুবিধার বিষয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থা।
Geopulse TV
