দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে এ সময়ে মোট ৯১৫ শিশুর মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ৯৮১ শিশু। ফলে একদিনেই আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৭৪ শিশু।
ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও চাপ তৈরি হচ্ছে।
Geopulse TV
