নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। বৈঠকের পর পরিবহণ, প্রযুক্তি, উদ্ভাবন ও পরিকাঠামো-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ চুক্তি সই করল ভারত ও সুইজারল্যান্ড।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ভারতে পৌঁছন সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে পরিবহণ প্রযুক্তি, মোবিলিটি সিস্টেম এবং পরিকাঠামোর ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি দফতর এবং সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মধ্যেও একটি লেটার অব ইনটেন্ট সই হয়েছে। এছাড়া জ্যুরিখ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের সঙ্গে উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতিত্ব নিয়ে সহযোগিতার জন্য ইমপ্লিমেন্টেশন অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত হয়। যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রেসিডেন্ট পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, গত অক্টোবরে ইউরপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন বা ই-এফ-টি-এ-ভুক্ত দেশগুলির সঙ্গে ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট কার্যকর করেছে ভারত। এই চুক্তির মাধ্যমে আগামী ১৫ বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এবং ১০ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে।
ভারতীয় কৃষিপণ্য, ওষুধ, বস্ত্র ও ইঞ্জিনিয়ারিং পণ্যের জন্য সুইজারল্যান্ডের বাজারে প্রবেশ আরও সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বায়োটেকনোলজি, লাইফ সায়েন্স, ব্যাঙ্কিং, বিমা ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো ক্ষেত্রে সুইস বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য রয়েছে। প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক আদানপ্রদানের পাশাপাশি পরমাণু শক্তির ক্ষেত্রেও সহযোগিতা আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। সফরের শুরুতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান পারমেলিন। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং তাঁর সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজন রয়েছে।
Geopulse TV
