পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দার্জিলিং জেলার কুর্সিয়ঙে এক জনসভায় ঐতিহ্যবাহী ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (EFR) পুনরুজ্জীবনের ঘোষণা করেন। তিনি জানান, খুব শিগগিরই এই বাহিনীকে পুনর্গঠন করা হবে এবং এতে এক হাজারেরও বেশি গোরখা যুবককে নিয়োগ করা হবে। দার্জিলিং পাহাড়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি গোরখা সৈনিকদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। তাঁর দাবি, এক সময়ের ঐতিহ্যবাহী এই বাহিনীকে কমিয়ে মাত্র দুটি ব্যাটালিয়নে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল।
এছাড়াও তিনি ঘোষণা করেন, খুব শিগগিরই রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে, যার মাধ্যমে বিপুল সংখ্যক গোরখা যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, রাজ্য সরকারি নিয়োগে অন্তত ৩০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও তিনি জানান।
এই জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও পাহাড় বিষয়ক মন্ত্রী নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা, অর্থ ও পরিবহণ মন্ত্রী আনন্দময় বর্মন, প্রাক্তন বিদেশ সচিব ও রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা।
Geopulse TV
