বটবাহিনীর দাপটে নাজেহাল বাংলাদেশ সরকার! মিথ্যা প্রচার নিয়ে ক্ষোভ শামা ওবায়েদ ইসলামের

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ, অপপ্রচার ঠেকাতে সাংবাদিকদের সক্রিয় হওয়ার আহ্বান। বিরোধী দলের বিভিন্ন ‘বটবাহিনী’ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, বিএনপি সরকার ও দল শুরু থেকেই গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারে বিশ্বাস করে আসছে। তবে বর্তমানে তথ্যপ্রবাহের ধরন দ্রুত বদলে গেছে। প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও এখন গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হয়ে উঠেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সঙ্গে সঙ্গে ভুল তথ্য ও অপপ্রচারের প্রবণতাও বেড়েছে। এমনকি অনেক সময় মূলধারার গণমাধ্যমেও যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশের ঘটনা ঘটছে, যা উদ্বেগের বিষয়।

শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল, ভিন্নমতাবলম্বী কিংবা অপছন্দের মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ তৈরি ও প্রচার করা হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকার সোচ্চার রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কার্যকর আইন কিংবা বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের ঘাটতি রয়েছে। একটি মিথ্যা সংবাদও একজন মানুষের সামাজিক মর্যাদা ও ব্যক্তিজীবনে বড় ধরনের ক্ষতি করতে পারে।

ভুয়া সংবাদের ক্ষতিকর প্রভাব বোঝাতে তিনি বলেন, একটি গুলি যেমন একজন মানুষকে আহত করতে পারে, একটি লাঠির আঘাতও ক্ষতি করতে পারে, তেমনি একটি মিথ্যা সংবাদও কাউকে অপমানিত ও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্য অনুসন্ধান করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করেন, বিরোধী দলের বিভিন্ন বটবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এসব অপপ্রচার মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

About Desk 1

Check Also

ভারতে ঢুকে বুক ফুলিয়ে চুরি ! বর্ডারে উগ্র মবদের তাণ্ডবের নেপথ্যে কার মাথা ?

ভারত-বাংলাদেশ সীমান্তে সম্প্রতি এক উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *