ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ‘CEPA’ চুক্তির উদ্যোগ বাংলাদেশের, সংসদে তথ্য

ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করতে আমদানিনির্ভরতা হ্রাস এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ভারতের সঙ্গে ‘কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (সিইপিএ) বা সেপা (CEPA) চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেন বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম।

সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এই বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে সরকার দেশীয় শিল্পের বিকাশ, আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য পণ্যের আমদানি নিরুৎসাহিতকরণের নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে প্রস্তাবিত আমদানি নীতি আদেশ, ২০২৬-২৯-এ দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার সুষ্ঠু ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ আবদুল খালেকের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের দুটি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে। এর মধ্যে ২০২০ সালের ৬ ডিসেম্বর ভুটানের সঙ্গে প্রথম এবং অতি সম্প্রতি ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি জাপানের সঙ্গে দ্বিতীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক সংঘাতের পরোক্ষ প্রভাব নিয়ে কথা বলেন। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার প্রশ্নের উত্তরে তিনি জানান, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি, এলপিজি এবং সামুদ্রিক পরিবহন ব্যয়ের ওপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরাসরি এই সংঘাতের পক্ষ না হলেও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের কারণে কিছু পরোক্ষ অর্থনৈতিক ঝুঁকির সম্মুখীন। তবে এই সংঘাতের কারণে এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি বা ব্যবসা-বাণিজ্যে কোনো প্রত্যক্ষ বা পরিমাপযোগ্য আর্থিক ক্ষতির হিসাব পাওয়া যায়নি।

About Desk 2

Check Also

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *