ভবিষ্যতের ভারত গড়ার ভাবনা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলির উন্নয়নেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে এমনই মন্তব্য করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। একটি হিন্দি দৈনিকে লেখা নিবন্ধে তিনি মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নযাত্রার প্রশংসা করে বলেন, ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য ভুটানের মতো প্রতিবেশী দেশগুলির কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ।
তোবগে উল্লেখ করেন, ভারতের বিদেশনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। একইসঙ্গে গ্লোবাল সাউথের স্বার্থ তুলে ধরতেও ভারতের ভূমিকার প্রশংসা করেন তিনি। ভয়েস অব গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন আয়োজন এবং আফ্রিকান ইউনিয়নকে G20-র স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথাও উল্লেখ করেন ভুটানের প্রধানমন্ত্রী।
ভারত-ভুটান সম্পর্কের প্রসঙ্গে তোবগে ‘B4B’ বা ‘Bharat for Bhutan’-র কথা তুলে ধরেন। তাঁর মতে, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, সেতু, জলবিদ্যুৎ, প্রযুক্তি, কৃষি ও শিল্প-সহ একাধিক ক্ষেত্রে ভারতের সহযোগিতা ভুটানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রেল যোগাযোগ, সীমান্ত পরিকাঠামো এবং বিমান ও ডিজিটাল যোগাযোগ উন্নয়নেও দুই দেশ একসঙ্গে কাজ করছে। ভুটানের পর পর পাঁচ বছরের পরিকল্পনাতেও ভারতের সহযোগিতার কথা উল্লেখ করেন তোবগে। বিশেষ করে ১৩তম পাঁচ বছরের পরিকল্পনা (২০২৪-২০২৯)-এর জন্য ভারত ১০,০০০ কোটি টাকার উন্নয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।তোবগে আরও স্মরণ করেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি তাঁর প্রথম বিদেশ সফরের জন্য ভুটানকে বেছে নিয়েছিলেন। তাঁর মতে, ভারত যত শক্তিশালী হবে, প্রতিবেশী দেশগুলির উন্নয়নে আরও বেশি অবদান রাখার সুযোগও তত বাড়বে।
Geopulse TV
