ভারতের বাজার নিয়ে বড় বার্তা, আমেরিকার শীর্ষ কর্তাদের সঙ্গে পীযূষ গোয়াল

ভারতে আরও বিনিয়োগ টানতে আমেরিকার ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। নিউ ইয়র্কে একাধিক শীর্ষ সংস্থার কর্তাদের সঙ্গে ভারতের বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন তিনি। ভারতের অর্থনীতির শক্ত ভিত এবং বিনিয়োগের সুযোগের কথাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।

নিউ ইয়র্কে ব্ল্যাকস্টোনের প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন আধিকারিক জোনাথন গ্রে-র সঙ্গে বৈঠক করেন পীযূষ গোয়াল। ভারতের বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ন্যুবের্গার বারম্যানের চেয়ারম্যান ও প্রধান কার্যনির্বাহী আধিকারিক জর্জ ওয়াকারের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠকে সংস্থার আন্তর্জাতিক বাজার বিভাগের প্রধান অ্যান্থনি টুট্রোন, প্রধান পরিচালন আধিকারিক অ্যান্ড্রু কোমারফ এবং ম্যানেজিং ডিরেক্টর জাইন নাকভিও ছিলেন। এছাড়াও এস্টি লডার কোম্পানিজের প্রেসিডেন্ট ও প্রধান কার্যনির্বাহী আধিকারিক স্টেফান দ্য লা ফাভেরির সঙ্গে বৈঠক করেন পীযূষ গোয়াল। ভারতে ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পীযূষ গোয়াল জানান, ভারতের অর্থনীতির ভিত যথেষ্ট শক্তিশালী। দেশের পুঁজিবাজারও দ্রুত এগোচ্ছে। ফলে আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ভারতে বড় সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদে বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য মূল্য তৈরির সম্ভাবনাও রয়েছে। জি-২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন পীযূষ গোয়াল। সফরে নিউ ইয়র্কের পাশাপাশি শিকাগরেও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী।

About Desk 3

Check Also

আমিরশাহি সফরে এস জয়শঙ্কর, বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আমিরশাহি সফরে যাচ্ছেন ভারতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *