কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে চলা আইনি বিরোধের অবসান ঘটাতে ১৮ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশুদের নিরাপত্তায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে মেটা।
যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্যের দায়ের করা অভিযোগের পর এই বড় ধরনের আইনি সমঝোতায় পৌঁছেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আদালত চুক্তিটি অনুমোদন করলে মেটার বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যের পক্ষ থেকে চলমান একাধিক মামলার চাপ অনেকটাই কমে আসবে। তবে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যক্তি ও বিভিন্ন স্কুল ডিস্ট্রিক্টের দায়ের করা মামলাগুলো এখনো চলমান থাকবে।
মেটা জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে কিশোরদের নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করা প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টিকটক ও ইউটিউবকেও একই ধরনের শিশু-নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সিসহ ২৯টি অঙ্গরাজ্য ২০২৩ সালে মেটার বিরুদ্ধে মামলা করেছিল। মামলায় অভিযোগ করা হয়, শিশু ও কিশোরদের প্ল্যাটফর্মে দীর্ঘসময় ধরে রাখতে মেটা ইচ্ছাকৃতভাবে এমন কিছু ফিচার তৈরি করেছে, যা তাদের মধ্যে আসক্তি তৈরি করে। পাশাপাশি এসব ফিচারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণের কাছ থেকে তথ্য গোপন করার অভিযোগও আনা হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়েছিল, ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে তাদের অভিভাবকের সম্মতি ছাড়াই নিয়মিত তথ্য সংগ্রহ করে মেটা ফেডারেল আইন লঙ্ঘন করেছে।
নতুন সমঝোতার ফলে একদিকে মেটার বিরুদ্ধে অঙ্গরাজ্যগুলোর আইনি লড়াই থামার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে শিশু ও কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার পথও তৈরি হয়েছে।
Geopulse TV
