বাংলাদেশের জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বিশেষ করে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশকে যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করেন সারাহ কুক। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান।
‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্পে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসব প্রকল্পে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বিনিয়োগ নিয়েও আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য। বিষয়টি এগিয়ে নিতে আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একটি বিশেষ টিম গঠনের কথাও জানানো হয়েছে।
সাক্ষাতে বাংলাদেশের অর্থবছরের সময় পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা করেন তিনি।
সারাহ কুক জানতে চান, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না। জবাবে মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যেই আইন সংশোধন করা হয়েছে। ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। ফলে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীকেরও সুযোগ থাকবে না।
প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যেহেতু দলীয়ভাবে হবে না, তাই কোনো দলের আনুষ্ঠানিক অংশগ্রহণের প্রশ্নও নেই। আইন অনুযায়ী যোগ্য সব বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন।
তবে বিএনপি স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মীর শাহে আলম। স্থানীয় বিএনপিকে প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Geopulse TV
