কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আওয়ামী লীগ কোনও ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সাংবাদিক বৈঠকে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আওয়ামী লীগকে নতুন কোনও নাম বা নতুন পরিচয়ে সামনে আনার চেষ্টা হলেও বর্তমান নিষেধাজ্ঞার মধ্যে কোনও রাজনৈতিক কর্মসূচি গ্রহণের অনুমতি দেওয়া হবে না।
জাহেদ উর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন মহলে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে একটি আলোচনা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। তবে আওয়ামী লীগের কার্যক্রম যত দিন নিষিদ্ধ থাকবে, তত দিন দলটি যে নামেই পরিচিত হোক না কেন, কোনও কর্মসূচি পালন করতে পারবে না।
তিনি বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’, ‘নতুন আওয়ামী লীগ’ বা ‘তৃণমূল আওয়ামী লীগ’—যে নামই ব্যবহার করা হোক না কেন, নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যে কোনও রাজনৈতিক কর্মসূচি গ্রহণের সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কিছু গণমাধ্যম এখনও সেই নির্দেশনা অনুসরণ করছে না।
জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশ অমান্য করা একটি বাস্তব বিষয় এবং এ বিষয়ে সরকার গণমাধ্যমগুলোকে সতর্ক করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেও বিষয়টি জানানো হবে।
তিনি বলেন, সরকার গণমাধ্যমের ওপর কঠোর কোনও ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে না। তবে প্রত্যেকটি সংবাদমাধ্যমের উচিত আদালতের নির্দেশ এবং দেশের আইনকে সম্মান করা। দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে গণমাধ্যমগুলো আইন মেনে চলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিনের সাংবাদিক বৈঠকে দ্রুত তথ্য কমিশন গঠনের বিষয়েও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, তথ্য অধিকার কার্যকর করার ক্ষেত্রে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সরকারের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি। এর মধ্যে ছিল তিস্তা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রীর চীন সফরসহ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।
সরকারের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগের নাম পরিবর্তন বা নতুন কোনও পরিচয়ের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়েও নিষেধাজ্ঞা বহাল থাকাকালীন ছাড় দেওয়া হবে না।
Geopulse TV
