ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, প্রকাশ্যে মিছিল বা জমায়েতের মতো কর্মসূচি হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করে মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান এ বিষয়ে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের একটি চিঠি পাঠিয়েছেন। গত ১৮ জুন সই করা ওই চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, “আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদন।”
পুলিশ সদর দপ্তরের গোপনীয় চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের চেষ্টা হতে পারে। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার উদ্যোগ নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মসূচিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা-কর্মীদের সঙ্গে উত্তেজনা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মূল্যায়নে আরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কোনও কর্মসূচিতে বাধা দিতে যান, সেক্ষেত্রে তাঁদের ওপরও হামলার চেষ্টা হতে পারে।
এই নির্দেশনার পর ২৩ জুনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে। সম্ভাব্য জমায়েতের স্থানগুলিতে বাড়তি নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং পুলিশি টহল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সারা বছরই বিভিন্ন ধরনের কর্মসূচি থাকে। সামনে বড় কর্মসূচি হিসেবে ১০ মহররম বা আশুরা রয়েছে। পাশাপাশি ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে।
তিনি জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে চেকপোস্ট বা তল্লাশিচৌকি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা চালু রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
Geopulse TV
