বগুড়ার শিবগঞ্জের নাম বদলে হচ্ছে ‘মহাস্থান উপজেলা’, উঠল ধর্মীয় নাম নিয়ে বিতর্ক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নাম হিসেবে ‘মহাস্থান উপজেলা’ নির্ধারণের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এই নাম পরিবর্তনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।

গত ১২ জুন, শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় বাজেটকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন।

সমাবেশে স্থানীয় কয়েকজন ‘তৌহিদি জনতা’র পরিচয়ে বক্তব্য দিয়ে দাবি করেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একটি উপজেলার নাম হিন্দু দেবতা শিবের নামের সঙ্গে যুক্ত থাকা তাঁরা মেনে নিতে চান না। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই শিবগঞ্জের নাম পরিবর্তনের দাবি জানানো হচ্ছিল। প্রতিমন্ত্রী নাম পরিবর্তনের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলেও তাঁরা জানান।

যদিও শিবগঞ্জ নামের সঙ্গে হিন্দু দেবতা শিবের সম্পর্কের বিষয়টি সরাসরি উল্লেখ করেননি প্রতিমন্ত্রী। তিনি নাম পরিবর্তনের কারণ হিসেবে প্রশাসনিক জটিলতার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, বাংলাদেশের আরেকটি উপজেলা রয়েছে ‘শিবগঞ্জ’ নামে, যা চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। একই নামে দুটি উপজেলা থাকায় সরকারি কাজকর্মে বিভ্রান্তি ও জটিলতা তৈরি হয়।

তবে অতীতে একই নামে দুটি উপজেলার কারণে কোনও বড় ধরনের সমস্যা হয়নি, তাহলে এখন কেন নাম পরিবর্তনের প্রয়োজন হচ্ছে—এমন প্রশ্নের কোনও সরাসরি উত্তর দেননি প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, শিবগঞ্জের মানুষ যদি নাম পরিবর্তনের বিষয়ে সম্মতি দেন, তাহলে এই উপজেলার নতুন নাম ‘মহাস্থান উপজেলা’ করা হবে।

উল্লেখ্য, বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে শিবগঞ্জ আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। এর আয়তন প্রায় ৩১৫ বর্গকিলোমিটার। বগুড়া শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত এই উপজেলা। এর উত্তরে রয়েছে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলী এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা হিসেবে গঠনের অনুমোদন দেন। শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে নতুন মোকামতলা উপজেলা গঠনের পরিকল্পনা করা হয়।

নতুন এই উপজেলার আয়তন প্রায় ১২৮.৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ।

শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, সরকারি প্রশাসনিক কাজে সমস্যা তৈরি হওয়ার কারণেই প্রতিমন্ত্রী নাম পরিবর্তনের কথা বলেছেন। তাঁর দাবি, খুব শিগগিরই শিবগঞ্জের নাম পরিবর্তন করে মহাস্থান উপজেলা করার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

About Desk 1

Check Also

অলি আহমদকে পরাজিত করে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *