পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩, মৃতদের মধ্যে ১১ শিশু

সীমান্তে ফের উত্তেজনা। আফগানিস্তানের তালিবান সরকার দাবি করেছে, পাকিস্তানের সামরিক বাহিনী সীমান্তসংলগ্ন আফগান ভূখণ্ডে রাতভর বিমান হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন নারী ও শিশু।
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, পাকিস্তানি বিমান হামলার লক্ষ্য ছিল আফগানিস্তানের খোস্ত, কুনার এবং পাকতিকা প্রদেশ। তিনি হামলায় নিহত শিশুদের কয়েকটি ছবিও প্রকাশ করেন।
মুজাহিদের দাবি, হামলার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। ফলে বোমাবর্ষণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ তাঁদের ছিল না।
তিনি লেখেন, “গত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশের বেসামরিক মানুষের বাড়িঘরে বোমাবর্ষণ করেছে।”
তাঁর মতে, এসব হামলায় ১১ শিশু, একজন নারী এবং একজন প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন নারী ও শিশু।
বার্তা সংস্থা এএফপি খোস্ত প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, স্পেরা জেলার একটি বাড়িতে হামলা চালানো হলে সেখানে নয়জন নিহত এবং ১০ জন আহত হন।
অন্যদিকে, পার্শ্ববর্তী পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পৃথক একটি হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তাঁদের দাবি, হামলার শিকার হওয়া বাড়িটিতে থাকা নিহতদের সবাই শিশু ছিল।
তবে এই হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ইসলামাবাদ বরাবরই দাবি করে এসেছে যে আফগানিস্তানে তাদের সামরিক অভিযান সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পরিচালিত হয়, যারা পাকিস্তানের ভেতরে হামলা চালায়।
সাম্প্রতিক সপ্তাহগুলির মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত তীব্র আকার ধারণ করার পর কিছুদিন পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। সেই সংঘাতের সময় পাকিস্তান আফগানিস্তানের একাধিক শহরে, এমনকি রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলের কান্দাহারেও বিমান হামলা চালিয়েছিল।
২০২১ সালে তালিবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। পাকিস্তান অভিযোগ করে, আফগান ভূখণ্ডে পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা আশ্রয় পায় এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালায়। যদিও আফগান কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা অভিযোগ তোলে যে পাকিস্তান আফগানবিরোধী গোষ্ঠীগুলিকে আশ্রয় দেয় ও আফগান সার্বভৌমত্বকে সম্মান করে না।
জাতিসংঘের গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে দুই দেশের সংঘাত-সংক্রান্ত সহিংসতায় অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন।

About Desk 1

Check Also

বেলুচিস্তানে গুম ও নির্বিচারে আটকের অভিযোগ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুম, নির্বিচারে আটক এবং জোর করে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *