বিশ্বব্যাপী শ্রমবাজারের দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে জাতীয় সংসদে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপনকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। যদিও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নোটিশটি গ্রহণ করেননি, তবে বিষয়টি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।
নিলোফার চৌধুরী মনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে এই খাত থেকে জিডিপিতে প্রায় ৭ শতাংশ অবদান এসেছে। প্রতিবছর প্রায় ১০ লাখ দক্ষ ও অদক্ষ কর্মী বিদেশে গেলেও তাঁদের অধিকাংশই অদক্ষ বা স্বল্পশিক্ষিত।
তিনি উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বাড়ছে। ফলে কম দক্ষ শ্রমিকের চাহিদা ক্রমেই কমে যাচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।
বিএনপির এই সংসদ সদস্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছেন।
তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন, দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার বিস্তার ঘটানো না গেলে দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়তে পারে।
Geopulse TV
