যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত H-1B কর্মভিসা কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। রিপাবলিকান কংগ্রেসম্যান Chip Roy বৃহস্পতিবার ‘আমেরিকান হোয়াইট-কলার ওয়ার্কার জবস অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেছেন, যার মাধ্যমে H-1B ভিসাকে স্থায়ী বসবাস বা গ্রিন কার্ড পাওয়ার পথ হিসেবে ব্যবহার বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের জন্য চালু থাকা Optional Practical Training (OPT) কর্মসূচিও বাতিল করা হবে। বর্তমানে এই কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান।
চিপ রয় দাবি করেন, প্রায় চার দশকের ইতিহাসে H-1B ভিসা কর্মসূচি বারবার অপব্যবহারের শিকার হয়েছে। তার মতে, অনেক নিয়োগকর্তা কম খরচে বিদেশি কর্মী নিয়োগের জন্য মার্কিন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) খাতের কর্মীদের উপেক্ষা করেছেন। তিনি বলেন, “লটারিভিত্তিক এই ব্যবস্থার পরিবর্তে এমন একটি পদ্ধতি প্রয়োজন, যা যোগ্যতাকে গুরুত্ব দেবে, প্রকৃত মজুরি নিশ্চিত করবে এবং আমেরিকান পেশাজীবীদের অগ্রাধিকার দেবে।”
এই বিলকে সমর্থন দিয়েছে US Tech Workers, Immigration Accountability Project এবং Federation for American Immigration Reform।
বিলটি এমন সময়ে এসেছে, যখন Donald Trump প্রশাসন বৈধ অভিবাসন কর্মসূচিগুলোর ওপর কঠোর অবস্থান নিয়েছে। প্রশাসন ইতোমধ্যে H-1B আবেদনকারীদের জন্য উচ্চ বেতনকে অগ্রাধিকার দেওয়ার নীতি গ্রহণ করেছে এবং নতুন আবেদনপত্রের ওপর এক লাখ ডলারের ফি আরোপ করেছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, H-1B ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা না থাকার প্রমাণ দিতে হবে এবং বিদেশে স্থায়ী আবাস বজায় রাখতে হবে। এর ফলে দীর্ঘদিনের ‘ডুয়াল ইনটেন্ট’ নীতি বাতিল হবে, যার আওতায় কর্মভিসাধারীরা চাকরির পাশাপাশি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন।
এছাড়া বর্তমানে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া চলাকালে H-1B ভিসার মেয়াদ বৃদ্ধির যে সুবিধা রয়েছে, সেটিও বাতিলের প্রস্তাব করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, H-1B ভিসার সর্বোচ্চ মেয়াদ ছয় বছর থেকে কমিয়ে দুই বছর করার পরিকল্পনা। একই সঙ্গে বিদ্যমান লটারির পরিবর্তে বেশি বেতনের চাকরির প্রস্তাব পাওয়া আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
বিলটির সহ-উদ্যোক্তা অ্যারিজোনার রিপাবলিকান কংগ্রেসম্যান Eli Crane বলেন, এই সংস্কার ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার ভাষায়, “আমাদের নিজেদের নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার জন্য কংগ্রেসের সর্বোচ্চ চেষ্টা করা উচিত।”
Geopulse TV
