চার রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন রেললাইন, ১৩ হাজার কোটির প্রকল্পে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার

দেশের রেল ও সড়ক পরিকাঠামো আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ মন্ত্রিসভার বৈঠকে মোট ১৩ হাজার ৪১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পরিকাঠামো প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি রেল প্রকল্প এবং একটি জাতীয় সড়ক প্রকল্প।

বৈঠকের পর নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, চারটি রেল প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের আটটি জেলা উপকৃত হবে। রেলপথে অতিরিক্ত লাইন তৈরির ফলে যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষমতা বাড়বে।

অনুমোদিত রেল প্রকল্পগুলির মধ্যে রয়েছে খড়্গপুর-ভদ্রক চতুর্থ লাইন, ভদ্রক-হরিদাসপুর চতুর্থ লাইন, গুম্মিডিপুন্ডি-গুডুর তৃতীয় ও চতুর্থ লাইন এবং কটক-প্যারাদীপ তৃতীয় ও চতুর্থ লাইন। সব মিলিয়ে ভারতীয় রেলের নেটওয়ার্কে প্রায় ৪১০ কিলোমিটার নতুন লাইন যুক্ত হবে।

রেল প্রকল্পগুলির জন্য মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৪৫০ কোটি টাকা। ২০৩০-৩১ সালের মধ্যে এই প্রকল্পগুলির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ রেলপথে অতিরিক্ত লাইন তৈরি হলে ট্রেন চলাচলের চাপ কমানোর পাশাপাশি পণ্য পরিবহণ আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, বিহারের জন্যও গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্র। জাতীয় সড়ক-২২-এর মুজফ্‌ফরপুর-সীতামঢ়ি-সোনবরসা অংশকে চার লেনে উন্নীত করা হবে। এই প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ৮২.৫৭ কিলোমিটার।

অশ্বিনী বৈষ্ণব জানান, জাতীয় সড়কটির এই অংশটি হাইব্রিড অ্যানুইটি মডেল-এর মাধ্যমে তৈরি করা হবে। প্রকল্পটির জন্য মোট মূলধনী ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫৯০ কোটিরও বেশি টাকা।

চার রাজ্যে রেলপথ সম্প্রসারণ এবং বিহারে জাতীয় সড়ক উন্নয়নের এই প্রকল্পগুলির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হওয়ার পাশাপাশি বাণিজ্যিক পরিবহণেও গতি আসবে বলে মনে করছে কেন্দ্র। বিশেষ করে শিল্পাঞ্চল, বন্দর এবং গুরুত্বপূর্ণ শহরের মধ্যে দ্রুত যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে রেল প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

About Desk 3

Check Also

বন্যাকবলিত নেপালে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠাল ভারত

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য দ্বিতীয় দফায় মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার সামগ্রী পাঠিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *