ইউক্রেনজুড়ে রাশিয়ার রাতের আঁধারে চালানো ধারাবাহিক হামলায় অন্তত তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানী কিয়েভে একজন এবং খারকিভ শহরে দুজন নিহত হয়েছেন। এছাড়া খারকিভে আহত হয়েছেন আরও ২০ জন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত রাতে রাশিয়া ১৬৯টি দূরপাল্লার ড্রোন এবং ৫টি ব্যালিস্টিকসহ মোট ৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের সামরিক বাহিনী কিয়েভের অস্ত্র শিল্প কারখানাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। রাশিয়ার দাবি, তাদের হামলায় ইউক্রেনের ‘ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্রের’ যন্ত্রাংশ তৈরির একটি কারখানা এবং মাঝারি ও দূরপাল্লার ড্রোন তৈরির একটি অ্যাসেম্বলিং প্ল্যান্ট সফলভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।
এর পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করা ৪১৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
Geopulse TV
