প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম আগামী মঙ্গলবার (৯ জুন) বেইজিং সফরে যাচ্ছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
বেইজিং সফরকালে বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে বৈঠকে বসবেন পররাষ্ট্রসচিব। ওই বৈঠকে আগামী ২৩ থেকে ২৬ জুন অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চীন সফরের আগে ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ সফরকে ঘিরে ঢাকায় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেইজিংয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসূচি, সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক, আলোচ্য বিষয়, চুক্তি ও সমঝোতা স্মারকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার লক্ষ্যে সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে পররাষ্ট্রসচিবের বেইজিং যাত্রাপথে ফিলিপাইনে একটি সংক্ষিপ্ত কর্মসূচিও রয়েছে। তিনি সোমবার ম্যানিলার উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠক শেষে একই দিন তিনি চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এবং বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে।
Geopulse TV
