দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশ ছাড়ার হুঁশিয়ারি

দক্ষিণ আফ্রিকায় নথিপত্রহীন বা অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। দাবি না মানলে আরও বড় পরিসরে বিক্ষোভের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

দেশটির ডারবানে কয়েক মাস ধরে অভিবাসনবিরোধী বিক্ষোভ চলছে। চলতি বছরের শুরুতে গতি পাওয়া এই আন্দোলনের অংশ হিসেবে প্রতি সপ্তাহেই বিক্ষোভ ও মিছিল হচ্ছে। আন্দোলনের নেতা স্পেহেলে শিঙ্গা জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বরের বড় সমাবেশে প্রায় ১৫ লাখ মানুষ অংশ নিতে পারেন।

শিঙ্গার দাবি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আবারও একত্রিত হচ্ছেন এবং নিজেদের দেশ ও এলাকার জন্য সোচ্চার হচ্ছেন। ৩০ সেপ্টেম্বর নথিপত্রহীন অভিবাসীদের দক্ষিণ আফ্রিকা ছাড়ার দাবিতে নতুন করে বড় কর্মসূচি পালনের কথাও জানিয়েছেন তিনি।

তবে দীর্ঘদিন ধরে রাস্তায় অবস্থান করায় আন্দোলনকারীদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘানার শরণার্থী প্রিন্সেস আদজেই বলেন, তারা চিরদিন রাস্তায় অবস্থান করতে পারেন না। রাস্তায় রাত কাটানোর কারণে কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে তিনি দাবি করেন। নিজেদের নথিপত্র যাচাইয়ের পাশাপাশি বাসের অপেক্ষায় থাকার কথাও জানান তিনি।

এদিকে শরণার্থীদের সমর্থনে শান্তিকর্মীরাও বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মহাত্মা গান্ধীর নাতনি ও সাবেক সংসদ সদস্য এলা গান্ধী। তিনি আন্দোলনকারীদের বক্তব্যের সমালোচনা করে বলেন, অভিবাসীদের বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য দেওয়া হচ্ছে, তা পুরোপুরি সত্য নয়। তার মতে, যেসব সমস্যার কথা আন্দোলনকারীরা বলছেন, সেগুলোর জন্য অভিবাসীরাই দায়ী—এমন দাবি সঠিক নয়।

৩০ সেপ্টেম্বরের সময়সীমাকে কেন্দ্র করে ডারবানে আবারও বড় ধরনের বিক্ষোভ ও উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

About Desk 1

Check Also

কঙ্গোতে সরকারবিরোধী জোট গড়লেন প্রাক্তন প্রেসিডেন্ট, এম২৩-সহ একাধিক গোষ্ঠীকে নিয়ে

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। প্রাক্তন প্রেসিডেন্ট জোসেফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *