‘দপ্তরের গণ্ডি ভাঙুন, একসঙ্গে কাজ করুন’, আমলাদের বার্তা মোদীর—প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও সাইবার সুরক্ষায় জোর

‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নিজের বাসভবনে কেন্দ্রীয় সরকারের সচিবদের সঙ্গে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের বৈঠকে অর্থনীতি, বাণিজ্য ও শিল্প এবং প্রযুক্তি সংক্রান্ত মন্ত্রক ও দফতরগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন তিনি।

বৈঠকে মোদী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের মধ্যে সমন্বিতভাবে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। প্রশাসনের ভিতরে থাকা ‘অনুভূমিক’ ও ‘উল্লম্ব’ গণ্ডি ভেঙে একসঙ্গে কাজ করার উপর জোর দেন তিনি। তাঁর মতে, প্রতিটি দফতর আলাদা ভাবে কাজ না করে একই লক্ষ্য সামনে রেখে এগোলে দ্রুত এবং কার্যকর ফল পাওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, সরকারের প্রতিটি নীতি ও সিদ্ধান্তের কেন্দ্রে থাকতে হবে সাধারণ মানুষকে। দেশের নাগরিকদের প্রয়োজন, স্বার্থ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার বার্তা দেন তিনি।

পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশীয় প্রযুক্তির বিকাশেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেন মোদী। গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং দেশের নিজস্ব সক্ষমতা গড়ে তোলার উপর জোর দেন তিনি। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উদ্ভাবন, জ্বালানির উৎসের বৈচিত্র্য এবং উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়িয়ে এই ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

বৈঠকে সাইবার নিরাপত্তা নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল ব্যবস্থা ও পরিকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকার নির্দেশ দেন মোদী। এই ক্ষেত্রে তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের আরও বেশি যুক্ত করে দেশজুড়ে একটি শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কৌশলগত ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে মানুষের মধ্যে ভুল তথ্য ও অমূলক আশঙ্কা দূর করতে সক্রিয় প্রচারের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন শিল্পের প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের যৌথ উদ্যোগে নতুন পাঠ্যক্রম তৈরির কথাও বলেন। তাঁর মতে, দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সরকারকে সবসময় তরুণ, গতিশীল ও ভবিষ্যতমুখী থাকতে হবে।

About Desk 3

Check Also

বন্যাকবলিত নেপালে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠাল ভারত

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য দ্বিতীয় দফায় মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার সামগ্রী পাঠিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *