পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি শান্তি সমাবেশ চলাকালে আত্মঘাতী হামলায় অন্তত ১৪ জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন নিরাপত্তা সদস্যও রয়েছেন।
ঘটনাটি ঘটে সোয়াত জেলার কাবাল শহরে, যেখানে ‘সোয়াত পিস র্যালি’ পুলিশ স্টেশনের সামনে অনুষ্ঠিত হচ্ছিল। ঠিক সেই সময় হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি। উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর এক মুখপাত্র জানান, ৯টি মরদেহ সাইদু শরীফ সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে, আর কাবাল হাসপাতালের চিকিৎসকরা আরও ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই শান্তি সমাবেশটি আয়োজন করেছিল ‘সোয়াত আমান জিরগা’, যেখানে অংশগ্রহণকারীরা শান্তির দাবিতে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক মাসগুলোতে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।
সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা জানান, সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী কাবাল থানায় প্রবেশের চেষ্টা করলে গেটে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এরপরই সে বিস্ফোরণ ঘটায়, যার ফলে মূল গেট ক্ষতিগ্রস্ত হয় তবে নিরাপত্তা বেষ্টনী ভেদ করতে পারেনি।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মুহাম্মদ সুহাইল আফ্রিদি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পুলিশের মহাপরিদর্শককে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Geopulse TV
