চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। এই প্রবৃদ্ধি ভারতীয় রিজার্ভ ব্যাংক—আরবিআইয়ের পূর্বাভাস দেওয়া ৭ শতাংশের চেয়েও বেশি। প্রত্যাশার তুলনায় ভালো এই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ভারতের অর্থনীতির শক্তিশালী অবস্থানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সরকারি পরিসংখ্যান প্রকাশের পর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে একটি গতিশীল, শক্তিশালী ও স্থিতিস্থাপক অর্থনীতি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ভারতের ৭ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান দেশটিকে দ্রুত বিকাশমান অর্থনৈতিক শক্তি হিসেবে দেখার ট্রাম্প প্রশাসনের অবস্থানকে আরও নিশ্চিত করেছে। তার মতে, বড় এবং ক্রমবর্ধমান ভারতীয় অর্থনীতি মার্কিন কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করছে।
যুক্তরাষ্ট্র একই সঙ্গে ভারতে আরও বেশি মার্কিন বিনিয়োগ উৎসাহিত করতে চায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আগ্রহী ওয়াশিংটন। কুশ দেশাই বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বন্ধুত্বের কথাও বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন।
এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা এগিয়ে চলছে। দেশাই জানান, দুই দেশের মধ্যে আলোচনা বর্তমানে কারিগরি পর্যায়ে রয়েছে। পণ্যের শ্রেণিবিন্যাস এবং শুল্কসংক্রান্ত নিয়মসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত সমাধানের চেষ্টা চলছে।
যুক্তরাষ্ট্র এই বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী বলেও জানান হোয়াইট হাউসের কর্মকর্তা। তার মতে, চুক্তিটি বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কও আরও শক্তিশালী হবে।
Geopulse TV
