ইরানে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সংঘাতের মাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের জন্য নতুন ভ্রমণ পরামর্শ (অ্যাডভাইজরি) জারি করেছে। দূতাবাস জানিয়েছে, আপাতত যেসব ভারতীয় ইরান সফরের পরিকল্পনা করছেন, তারা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সফর স্থগিত রাখুন।
দূতাবাসের সংশোধিত পরামর্শে বলা হয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকরা পরিস্থিতি বিবেচনা করে সম্ভব হলে বিদ্যমান বিমান পরিষেবার মাধ্যমে সাময়িকভাবে দেশ ত্যাগের বিষয়টি বিবেচনা করতে পারেন।
যারা আপাতত ইরানেই অবস্থান করবেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ নিয়মিত অনুসরণ করে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলসহ যেখানে সামরিক তৎপরতা বেশি, সেসব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলা এবং নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের সতর্কতা অনুসরণ করা জরুরি। এছাড়া ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে যত দ্রুত সম্ভব দূতাবাসে নিজেদের তথ্য নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত সহায়তা দেওয়া যায়।
পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে ভারতীয় দূতাবাসের সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল প্ল্যাটফর্ম নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শও দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাস কয়েকটি জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে। পাশাপাশি ই-মেইলের মাধ্যমেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে। ইরানের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
Geopulse TV
