পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং তাঁর চিকিৎসার দাবিতে বিক্ষোভে নেমেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আর সেই বিক্ষোভের মধ্যেই দলের একাধিক নেতাকে আটক করল পুলিশ। আটক নেতাদের মধ্যে রয়েছেন খাইবার পাখতুনখোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি-সহ আরও সাতজন। তাঁদের পাশাপাশি প্রাদেশিক বিধানসভার স্পিকার বাবর সেলিম স্বাতি এবং পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি জুনেইদ আখবরকেও আটক করা হয়েছে। অন্যদিকে, সোয়াবি এলাকায় পিটিআইয়ের ৫৬ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাসবাদী হামলা বৃদ্ধির কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রবিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই সিদ্ধান্ত নেন। তাঁর দাবি, প্রদেশে সন্ত্রাসবাদী হামলা বেড়েছে এবং সাংবিধানিক প্রশাসনিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। জরুরি অবস্থা জারির পর প্রাদেশিক প্রশাসনের আমলাস্তরেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রদেশের গভর্নরকে প্রশাসনিক কাজে সাহায্য করার জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার পেশোয়ারে পৌঁছন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। সেখানে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।
অন্যদিকে, সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ সরাসরি খারিজ করেছে পিটিআই। দলের দাবি, সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকার খাইবার পাখতুনখোয়া প্রশাসনকে প্রয়োজনীয় সাহায্য দিচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ পিটিআইয়ের। ইমরান খানের মুক্তির পাশাপাশি তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছে দল। পিটিআইয়ের আরও দাবি, আটক দলের সমর্থক ও ইমরান খানের বোনদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাঁর স্ত্রী বুশরা বিবির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর মুক্তি এবং চিকিৎসার দাবিতে পিটিআই দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। নতুন করে দলের নেতাদের আটকের ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এবার এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের আন্দোলন কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Geopulse TV
