ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের একটি বিলাসবহুল সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার জেরে এক মহিলা পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে রিসোর্টে থাকা প্রায় ১ হাজার ৭০০ পর্যটককে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে রিসোর্টের বড় একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছে।
শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর বায়াহিবেতে অবস্থিত ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস বিচ হোটেলে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। হোটেলের রুম গুলিতে আগুন দ্রুত ছড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা।
জরুরি সেবা সংস্থা DAEH জানিয়েছে, আগুনে নিহত নারী ইতালির নাগরিক। তাঁর নাম ফ্রান্সেস্কা ভ্যালেন্তিনো। নিহতের বয়স ৪৬ বছর। এছাড়া তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছারাও ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগুনের কারণে রিসোর্টে যত পর্যটক ছিলেন সব্বাইকে আশপাশের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তৎপরতার সাথে দ্রুত উদ্ধার কাজ করার ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহায় মিলেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। তবে কী কারণে হোটেলে আগুন লাগল তা এখনও জানা যায়নি। যদিও ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দেশটির জরুরি পরিচালনা কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিসোর্টের খড়ের ছাউনি দেওয়া ছাদ এবং অনুকূল বাতাসের কারণে আগুন খুব দ্রুত এক ভবন থেকে অন্য ভবনে ছড়িয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ড্রোনচিত্রে দেখা গেছে, রিসোর্ট থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে কমপ্লেক্সের একাধিক খড়ের ছাউনিযুক্ত স্থান আগুনে পুড়ে যেতে দেখা যায়। ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হোটেল কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও ভয়াবয় অগ্নিকান্ডের ঘটনায় এখনও আতঙ্কিত পর্যটকেরা।
Geopulse TV
