মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ‘এক চীন নীতি’ সমর্থনের প্রশংসায় বেইজিং

বেইজিং: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ‘এক চীন নীতির’ প্রতি অবিচল সমর্থনের প্রশংসা করেছে বেইজিং। চীনা কর্তৃপক্ষের মতে, তার এই অবস্থান সাধারণ মানুষের অনুভূতিকে প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নীতি অনুসরণের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক চীন নীতির প্রতি মালয়েশিয়ার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। একই সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে পুনরেকত্রীকরণ ব্যর্থ হলে চীনের সামরিক শক্তি প্রয়োগের যে অধিকার রয়েছে, তার স্বপক্ষেও মতামত দেন তিনি।

এক চীন নীতি ও মালয়েশিয়ার অবস্থান: বেইজিংয়ের ঘোষিত ‘এক চীন নীতি’ অনুযায়ী—বিশ্বে একটিই চীন রয়েছে, যার অবিচ্ছেদ্য অংশ তাইওয়ান এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারই সমগ্র চীনের একমাত্র বৈধ প্রতিনিধি। যদিও তাইওয়ানের বর্তমান সরকার এই নীতি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। চীন শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণকে অগ্রাধিকার দিলেও তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে কখনো শক্তি প্রয়োগের পথ বাদ দেয়নি।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ এই নীতির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেও গত বছর চীনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা গণপ্রজাতন্ত্রী চীন সরকারকে চীনের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়। ওই বিবৃতিতে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে উল্লেখ করে বলা হয়, তাইওয়ানের স্বাধীনতার কোনো আহ্বানে মালয়েশিয়া সমর্থন জানাবে না।

বেইজিংয়ের ইতিবাচক প্রতিক্রিয়া: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনোয়ার ইব্রাহিমের মন্তব্যের প্রশংসা করে বলেন, “তাওওয়ান প্রশ্নে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মন্তব্য এবং এক চীন নীতির প্রতি তার সুদৃঢ় অবস্থানকে স্বাগত জানায় চীন। কোনো কিছুই চীনের পুনরেকত্রীকরণকে থামাতে পারবে না।”

অন্যদিকে, এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এক চীন নীতি মেনে চলা জনপ্রিয় জনমতকে নির্দেশ করে এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়ায়। বিশ্বের বুকে কেবল একটিই চীন রয়েছে এবং তাইওয়ান সেই ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও জোর দিয়ে বলেন, চীনের এই পুনরেকত্রীকরণ ইতিহাস নির্ধারিত একটি প্রক্রিয়া, যা রোধ করা অসম্ভব।

About Desk 2

Check Also

বেলুচিস্তানে গুম ও নির্বিচারে আটকের অভিযোগ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুম, নির্বিচারে আটক এবং জোর করে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *