মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকে চোরাচালানের চেষ্টা করার সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। তারা ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচর নামক এলাকায় প্রবেশ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সময় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানে বাধা দেন। কিন্তু বাংলাদেশি চোরাকারবারিরা পিছু না হটে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএসএফ সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা চালায়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, “উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা ২-৩ রাউন্ড ফায়ার করলে ঘটনাস্থলেই একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে।”
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার অজিব উল্লাহর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি মনু নদীতে মাছ ধরতে গিয়ে সীমান্তের কাছে গুলিবিদ্ধ হন। তবে ঘটনাটি নিয়ে প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, গুলিতে মুজিবুর রহমান নিহত হয়েছেন বলে তার স্বজনরা তাকে জানিয়েছেন। তিনি আরও জানান, মৃতদেহ ভারতের ত্রিপুরার উনকোটি জেলা হাসপাতালে রয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আসিফ মহিউদ্দিন জানান, কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে গুলির খবর তিনি পেয়েছেন। বিএসএফ ওই যুবককে ভারতীয় হাসপাতালে নিয়ে গেছে বলেও জানান তিনি।
Geopulse TV
