কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির বাজারে আধিপত্য বিস্তারের লড়াই এবার গড়াল আদালতে। টেক জায়ান্ট অ্যাপল (Apple) আইফোনের বাণিজ্যিক গোপন তথ্য ও নকশা চুরির অভিযোগে ওপেনএআই (OpenAI)-এর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা দায়ের করেছে। অ্যাপলের অভিযোগ, তাদের গোপন প্রযুক্তি চুরি করে ওপেনএআই নিজস্ব এআই গ্যাজেট তৈরি করছে। এই মামলাটি ওপেনএআই-এর আসন্ন এআই ডিভাইস উন্মোচন এবং বহুল প্রতীক্ষিত আইপিও (IPO) বা শেয়ার বাজারে যাওয়ার প্রক্রিয়াকে বড় ধরনের ধাক্কা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মামলার নথিতে ওপেনএআই ছাড়াও অ্যাপলের সাবেক প্রকৌশলী চ্যাং লিউ, ওপেনএআই-এর হার্ডওয়্যার প্রধান ট্যাং টান (যিনি আগে আইফোন ও অ্যাপল ওয়াচের নকশা প্রধান ছিলেন) এবং অ্যাপলের কিংবদন্তি ডিজাইনার জনি আইভের প্রতিষ্ঠিত সংস্থা ‘আইও প্রোডাক্টস’ (io Products)-কে আসামি করা হয়েছে। জনি আইভকে সরাসরি অভিযুক্ত না করা হলেও, গত বছর তাঁর এই ‘আইও প্রোডাক্টস’ সংস্থাটি কিনে নেয় ওপেনএআই।
অ্যাপলের অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে চ্যাং লিউ অ্যাপল ছাড়ার সময় কোম্পানির ল্যাপটপ ফেরত দেননি এবং বিদায়ী সাক্ষাৎকারও এড়িয়ে যান। এরপর তিনি অ্যাপলের অত্যন্ত গোপনীয় হার্ডওয়্যার ফাইল, প্রকৌশল উপস্থাপনা ও অপ্রকাশিত পণ্যের বিবরণীসহ বহু গুরুত্বপূর্ণ নথি ডাউনলোড করেন। অন্যদিকে, ট্যাং টানের বিরুদ্ধে অভিযোগ—তিনি অ্যাপল থেকে কর্মী নেওয়ার সময় ইন্টারভিউতে অ্যাপলের যন্ত্রাংশ সাথে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন এবং কর্মীদের অ্যাপল ছাড়ার কৌশল শিখিয়েছিলেন। এমনকি তিনি অ্যাপলের সরবরাহকারীদের (Suppliers) গোপন তালিকাও নিজের মেইলে পাঠিয়েছিলেন।
এই অভিযোগের জবাবে ওপেনএআই-এর মুখপাত্র ড্রিউ পুসাতেরি বলেন, “অন্য কোনো কোম্পানির গোপন তথ্যের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। আমরা বিশ্বজুড়ে মানুষকে ক্ষমতায়ন করতে পারে এমন উদ্ভাবনী প্রযুক্তি তৈরিতে মনোযোগী।”
এক সময়কার অংশীদার অ্যাপল ও ওপেনএআই-এর সম্পর্কের এই অবনতি প্রযুক্তি বিশ্বে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। ২০২৪ সালে অ্যাপল তাদের ডিভাইসে চ্যাটজিপিটি (ChatGPT) যুক্ত করার অংশীদারিত্ব ঘোষণা করেছিল। তবে ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা যায়, গত মে মাসেই অ্যাপলের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে আইনি পদক্ষেপের কথা ভাবছিল ওপেনএআই। তাদের অভিযোগ ছিল, অ্যাপল তাদের পণ্যের সঠিক প্রচার করছে না।
বর্তমানে এআই ডিভাইসের বাজার ধরতে দুটি সংস্থাই মরিয়া। ওপেনএআই যেখানে চ্যাটজিপিটি-কে মানুষের ডিজিটাল জীবনের কেন্দ্রে নিয়ে আসতে একটি গোপন স্মার্ট স্পিকার ও ডিভাইস তৈরির কাজ করছে, সেখানে অ্যাপলও চলতি বছরের শেষের দিকে তাদের এআই-চালিত ‘সিরি’ (Siri)-র নতুন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এই আইনি লড়াই এখন সিলিকন ভ্যালির ভবিষ্যৎ সমীকরণ কোন দিকে নিয়ে যায়, সেটাই দেখার বিষয়।
Geopulse TV
