ঢাকা: এক আইনজীবীকে ৫ লাখ টাকা খরচা (কস্ট) আরোপের আদেশের বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের বাক্যবিনিময়ের একপর্যায়ে এজলাস ত্যাগ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান আদালতকক্ষে (এজলাস-১) এ ঘটনা ঘটে। এরপর আজ আর আদালত বসেননি বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার বর্ণনা দিয়ে আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, আপিল বিভাগের ১ নম্বর তালিকায় থাকা একটি মামলায় সকালে এক জুনিয়র নারী আইনজীবীকে ৫ লাখ টাকা খরচা দেওয়ার আদেশ দেন আদালত। পরবর্তীতে ১৩ নম্বর মামলার শুনানি শেষ হলে তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বিনয়ের সঙ্গে ওই জুনিয়র নারী আইনজীবীর জরিমানা মওকুফের অনুরোধ জানিয়ে বলেন, নতুন প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর আপিল বিভাগে মামলার পরিমাণ এবং বিচারকের সংখ্যা কমে যাওয়ায় আইনজীবীদের আয়-রোজগার অনেকটাই কমে গেছে। এমতাবস্থায় একজন জুনিয়র আইনজীবীর জন্য ৫ লাখ টাকা কস্ট পরিশোধ করা অসম্ভব বললেই চলে।
খোকন জানান, কথোপকথনের একপর্যায়ে আদালতে আগে আপিল বিভাগে ১১ জন বিচারপতি ও তিনটি বেঞ্চ থাকলেও বর্তমানে মাত্র একটি বেঞ্চ থাকায় কাজের সুযোগ কমে যাওয়ার বিষয়টি উঠে আসে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এজলাস ত্যাগ করেন।
Geopulse TV
