ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে ভারতে আসছেন মার্কিন বিদেশ সচিব

ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। এই সফরে দুই দেশের মধ্যে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আলোচনা হবে। আমেরিকার বিদেশ দফতর সূত্রে এই সফরের কথা জানানো হয়েছে।

সফর চলাকালীন মুম্বই ও জামনগরে যাবেন মার্কো রুবিও। সেখানে তিনি ভারতের শীর্ষ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। জ্বালানি ক্ষেত্রে দুই দেশের মধ্যে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়েও কথা বলবেন তাঁরা। শুধু সরকারি বৈঠক নয়, ব্যবসায়ী মহলের সঙ্গেও আলোচনা করবেন রুবিও। দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ বাড়ানোই এই বৈঠকের অন্যতম লক্ষ্য।

চলতি বছরের মে মাসেও ভারত সফরে এসেছিলেন মার্কো রুবিও। সেই সময় নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আয়োজনে কোয়াডের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। আগামী সপ্তাহের সফরটি হবে ভারতে তাঁর দ্বিতীয় সফর। ভারতে আসার আগে উজবেকিস্তানের সমরকন্দে C5+1 মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন রুবিও। সেখানে আমেরিকা ও মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এই মঞ্চের মাধ্যমে কীভাবে দুই অঞ্চলের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বাড়ানো যায়, তা নিয়ে কথা বলবেন প্রতিনিধিরা। এছাড়াও মধ্য এশিয়ার পাঁচটি দেশ উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিরগিজ প্রজাতন্ত্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলাদা বৈঠক করবেন মার্কিন বিদেশ সচিব। তাঁর সঙ্গে ২০০-রও বেশি ব্যবসায়ী নেতার একটি মার্কিন প্রতিনিধি দলও থাকবে। মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোই এই প্রতিনিধি দলের মূল লক্ষ্য।

About Desk 3

Check Also

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে বিতর্কে ট্রাম্প

রাশিয়া থেকে ডিজেল আমদানির অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর এই সিদ্ধান্তের বৈধতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *