তেহরান: হরমুজ প্রণালীর (Strait of Hormuz) বাইরে শিগগিরই একটি নতুন ‘সীমাবদ্ধ অঞ্চল’ (Restricted Zone) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) সচিব মেজর জেনারেল মহসেন রেজাই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনীয় সমন্বয় ছাড়া কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজ এই অঞ্চলে প্রবেশ করলে সেটিকে ইরানের জাতীয় নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হবে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, নতুন এই নির্দেশিত অঞ্চলটি মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা (Blockade Line) থেকে শুরু হয়ে পারস্য উপসাগরের বিভিন্ন অংশ পর্যন্ত বিস্তৃত হবে। যে কোনো দিক থেকে আসা জাহাজ যদি পূর্বানুমতি ছাড়া এই এলাকার দিকে অগ্রসর হয় বা প্রবেশ করে, তবে তারা সরাসরি এই নিষেধাজ্ঞার আওতায় আসবে।
হরমুজ প্রণালীতে নৌচলাচল হ্রাস: মহসেন রেজাই দাবি করেন, ইরান কর্তৃক জলপথটি বন্ধ করার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন শতাধিক জাহাজ এই পথ ব্যবহার করত, সেখানে বর্তমানে কেবল ইরানের জরুরি পণ্যবাহী সাত থেকে আটটি জাহাজ পারাপার করছে।
এছাড়া তিনি দাবি করেন, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা চালানো কয়েকটি মার্কিন জাহাজে আঘাত হানা হয়েছে। তবে তেলবাহী কার্গোর কারণে সাগরে যে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে, তা বিবেচনা করে ইরান সেসব জাহাজ পুরোপুরি ডুবিয়ে দেওয়া থেকে বিরত রয়েছে।
Geopulse TV
