ইরানের ভেতরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিস্ফোরণের খবর পাওয়া গেছে বন্দর আব্বাস, হরমুজ, আসালুয়েহ, জিরফত, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক ও লাভান এলাকায়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার একটি ধাপ সম্পন্ন হয়েছে। এসব হামলায় বিমান প্রতিরক্ষা স্থাপনা, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগ কেন্দ্রসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন সেনাসদস্যদের ওপর আইআরজিসির সাম্প্রতিক হামলার চেষ্টার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চার বেসামরিক নাগরিক নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে পাল্টা হামলার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরান কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে ওয়াশিংটনের পক্ষ থেকে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে।
ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, তেহরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা হতে পারে।
অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় জর্ডানের ক্যাম্প টিটিনে অবস্থিত মার্কিন সামরিক ব্যারাকে হামলার দাবি করেছে ইরানের আইআরজিসি। এছাড়া ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা ‘শত্রুতাপূর্ণ ড্রোন’ হামলার বিরুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
Geopulse TV
