আর্মেনিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দু’দিনের সফর শেষ করলেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সফরে আর্মেনিয়ার শীর্ষ প্রতিরক্ষা আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি এবং গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সফরকালে আর্মেনিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী কারেন ব্রুতিয়ান এবং প্রথম উপ-প্রতিরক্ষামন্ত্রী তথা সেনাবাহিনীর প্রধান এডওয়ার্ড আসরিয়ান-এর সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা সচিব। বৈঠকে চলতি প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে অংশীদারিত্বে।
দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত যৌথ বাহিনী পর্যায়ের বৈঠক চালুর জন্য প্রয়োজনীয় কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে যৌথ স্টাফ আলোচনা প্রাতিষ্ঠানিক ভাবে চালুর Terms of Reference বা কার্যপরিধি পরস্পরের মধ্যে বিনিময় করেছে ভারত ও আর্মেনিয়া।
সফরের সময় আর্মেনিয়ার উচ্চপ্রযুক্তি শিল্পমন্ত্রী দাভিত ট্রেডেভোসিয়ান-এর সঙ্গেও বৈঠক করেন রাজেশ কুমার সিং। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের বিভিন্ন প্রস্তাব নিয়ে মতবিনিময় হয়। সফরের সময়ই দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে যৌথ সহযোগিতা, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরেন পাপিকিয়ান-এর সঙ্গেও বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা সচিব। দুই পক্ষই ভারত-আর্মেনিয়া প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সামরিক প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া আর্মেনিয়ার উপ-বিদেশমন্ত্রী মনাতসাকান সাফারিয়ান-এর সঙ্গেও বৈঠক করেন রাজেশ কুমার সিং। দুই দেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে সেখানে আলোচনা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আর্মেনিয়া প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে নিজেদের নির্ভরতা আরও বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সামরিক প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে এসেছে। রাজেশ কুমার সিংয়ের সফর দুই দেশের দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ক্রমবর্ধমান মতৈক্যেরও প্রতিফলন বলে জানিয়েছে মন্ত্রক।
Geopulse TV
