ভারত-বাংলাদেশ সীমান্তে শান্তি বজায় রাখতে একমত বিএসএফ-বিজিবি, জোর নজরদারি ও তথ্য বিনিময়ে

ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নয়াদিল্লিতে আয়োজিত ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে (DG Level Border Coordination Conference) এই বিষয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF) ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (BGB)-এর মধ্যে এই সম্মেলনটি বিএসএফ সদর দফতর, নয়াদিল্লিতে ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। সম্মেলনে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সীমান্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত পারস্পরিক উদ্বেগের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্মেলনে দু’পক্ষ সীমান্তে সমন্বিত টহল আরও জোরদার করা, নজরদারি বৃদ্ধি, রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান উন্নত করা এবং সীমান্তপারের অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান আরও শক্তিশালী করার বিষয়ে সম্মত হয়।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

যৌথ আলোচনার নথি (Joint Record of Discussions) স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের প্রতিনিধি দল আশা প্রকাশ করে যে, গৃহীত সিদ্ধান্ত ও সমঝোতাগুলি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করবে। পাশাপাশি কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দু’দেশের মধ্যে পরবর্তী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ২০২৬ সালের নভেম্বর মাসে পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

About Desk 1

Check Also

পুশ-ইন’ ইস্যুতে সীমান্তে আন্দোলনের ডাক, ১২ ও ১৫ জুন কর্মসূচি ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

ভারতের বিরুদ্ধে ফের ‘পুশ-ইন’-এর অভিযোগ তুলে সীমান্ত ইস্যুতে সরব হয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। এই অভিযোগকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *