হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের (UAE) দুটি জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় জাহাজ দুটি প্রণালীটি অতিক্রম করার সময় হামলার শিকার হয় বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে UAE পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, এই হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৮১৭-এর সরাসরি লঙ্ঘন। ওই রেজোলিউশনে আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা কিংবা আন্তর্জাতিক সমুদ্রপথে বাধা সৃষ্টির বিরোধিতা করা হয়েছে।
UAE আরও বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলা এবং অর্থনৈতিক চাপ বা ‘ব্ল্যাকমেইল’-এর হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা ও জলদস্যুতার মতো কর্মকাণ্ডের অভিযোগও তোলা হয়েছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি পরিবহনপথ। ফলে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
Geopulse TV
