নাইজেরিয়ায় আবারও সন্দেহভাজন মেথামফেটামিন তৈরির একটি গোপন ল্যাবরেটরির সন্ধান পেয়েছে দেশটির মাদকবিরোধী সংস্থা। এ ঘটনায় মেক্সিকোর এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক মাদকচক্র নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলকে সিন্থেটিক মাদক উৎপাদনের ঘাঁটি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নাইজেরিয়ার ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (NDLEA) জানিয়েছে, ৪০ বছর বয়সী মেক্সিকোর নাগরিক আর্তুরো কারেরারা লোয়াইজা গত মাসে লাগোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। দেশ ছাড়ার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।
তদন্তকারীরা তার ব্যবহৃত ডিভাইসে ল্যাবরেটরি কোট পরা অবস্থায় তার কিছু ছবি এবং মেথামফেটামিন তৈরির কাজে ব্যবহৃত হতে পারে—এমন সরঞ্জামের ছবি পান। ছবির লোকেশন তথ্য অনুসরণ করে কর্মকর্তারা দেশটির এবোনি রাজ্যের একটি স্থাপনায় অভিযান চালান। সেখানে বিভিন্ন রাসায়নিক ও সিন্থেটিক মাদক তৈরির সরঞ্জাম পাওয়া যায় বলে দাবি করেছে NDLEA।
পরে উদ্ধার করা সিসিটিভি ফুটেজে ল্যাবরেটরি কোট পরা এক ব্যক্তিকে দেখা যায়, যাকে লোয়াইজার সঙ্গে মিল রয়েছে বলে তদন্তকারীদের দাবি। তবে লোয়াইজা মাদক উৎপাদনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, স্থানীয় এক ব্যক্তির আমন্ত্রণে রেস্টুরেন্ট ব্যবসার সম্ভাবনা যাচাই করতে তিনি নাইজেরিয়ায় গিয়েছিলেন।
NDLEA আরও জানিয়েছে, ওয়ো রাজ্যের একটি পৃথক সন্দেহভাজন মেথ ল্যাবের সঙ্গেও লোয়াইজার যোগসূত্রের অভিযোগ রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং অর্থায়ন ও সহযোগিতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
Geopulse TV
