অনিশ্চয়তার যুগে ভারত-লুক্সেমবার্গ সম্পর্ক ভরসার প্রতীক: জয়শঙ্কর

নয়া দিল্লি: বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারত ও লুক্সেমবার্গের মধ্যে একটি গভীর ও বিশ্বস্ত সম্পর্ক গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সোমবার বিকেলে নয়া দিল্লিতে লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জেভিয়ার বেটেল-এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই কথা বলেন।

জেভিয়ার বেটেল-এর এই সফরে লুক্সেমবার্গের অর্থনীতিমন্ত্রীও সঙ্গে রয়েছেন। ড. জয়শঙ্কর জানান, দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতাই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি। তবে বর্তমানে প্রচলিত খাতের বাইরে মহাকাশ গবেষণা, ডিজিটাল প্রযুক্তি এবং পরিবেশবান্ধব গ্রিন টেকনোলজির মতো ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ করা হচ্ছে।

বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে নতুন দিগন্ত: ড. জয়শঙ্কর উল্লেখ করেন, কোভিড মহামারীর পর দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইউরোপের সঙ্গে ভারতের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত হলে এবং পণ্য সরবরাহ শৃঙ্খল (Supply Chain) আরও জোরদার হলে ভারত-লুক্সেমবার্গ সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে লুক্সেমবার্গের জোরালো সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান।

শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার প্রশংসা: বৈঠকে লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল বলেন, ভারত ও লুক্সেমবার্গের মধ্যে একটি অত্যন্ত সৎ ও আস্থাভাজন সম্পর্ক রয়েছে। বিশ্বজুড়ে যেখানেই নানা সংঘাত চলছে, সেখানে মধ্যস্থতা ও সেতুবন্ধনের কাজ করে শান্তি প্রতিষ্ঠায় ভারত যে অগ্রণী ভূমিকা পালন করছে, সেটির বিশেষ প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে আজ ভোরেই নয়া দিল্লিতে পৌঁছান জেভিয়ার বেটেল। চলতি বছরের শুরুতেই জয়শঙ্করও লুক্সেমবার্গ সফর করেছিলেন, যা দুই দেশের সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে।

About Desk 2

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *