ISI-র গোপন নেটওয়ার্কে বড় ধাক্কা! ১৪ রাজ্যে অভিযানে ২০০-র বেশি গ্রেফতার

ভারতের স্বাধীনতা দিবসের আগে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক ধ্বংস করার দাবি করেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে এই নেটওয়ার্কের ২০০-র বেশি সদস্যকে গ্রেপ্তার করেছে।

অমিত শাহের দাবি, ১৪টি রাজ্যে একযোগে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী নেটওয়ার্কটির কার্যক্রম কার্যত ভেঙে দিয়েছে। তাঁর মতে, এই অভিযান ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির গুরুত্বপূর্ণ উদাহরণ।

অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে IED, গ্রেনেড, পিস্তল, জীবন্ত কার্তুজ এবং নজরদারির কাজে ব্যবহৃত CCTV ক্যামেরা। কিছু গ্রেনেডে পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্ন পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক পাকিস্তানভিত্তিক একটি ISI-সমর্থিত সন্ত্রাসী সিন্ডিকেট। ভারতের বিভিন্ন এলাকায় গ্রেনেড হামলা, IED বিস্ফোরণ, পেট্রোল বোমা হামলা এবং টার্গেটেড কিলিংয়ের সঙ্গে এই নেটওয়ার্কের যোগ থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া স্থানীয় সহযোগীদের অর্থ দিয়ে পুলিশ, প্রতিরক্ষা স্থাপনা ও ধর্মীয় স্থানগুলোর রেকি করানো এবং গোপনে CCTV ক্যামেরা বসিয়ে নজরদারি চালানোর অভিযোগও উঠেছে। স্বাধীনতা দিবসের আগে এই নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানকে তাই ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

About Desk 1

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *