ভারত আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদের পক্ষে যুক্তি দাঁড় করানো যায় না। একই সঙ্গে এই বৈশ্বিক হুমকি মোকাবিলায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
জাতিসংঘ সাধারণ পরিষদে United Nations Global Counter-Terrorism Strategy-এর নবম পর্যালোচনা গ্রহণের সময় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পার্বতানেনি বলেন, “A terrorist is a terrorist”— অর্থাৎ, সন্ত্রাসী মানেই সন্ত্রাসী। এ ক্ষেত্রে কোনো ধরনের ভেদাভেদ বা রাজনৈতিক ব্যাখ্যার সুযোগ নেই। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী বৈশ্বিক প্রচেষ্টাকে দুর্বল করতে পারে এমন ভ্রান্ত তুলনা বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিরত থাকতে হবে।
ভারতের প্রতিনিধি বলেন, দেশটি দীর্ঘ কয়েক দশক ধরে সীমান্তপারের সন্ত্রাসবাদের শিকার। সেই অভিজ্ঞতা থেকেই ভারত বিশ্বাস করে, সন্ত্রাসবাদকে তার সব রূপেই দ্ব্যর্থহীনভাবে নিন্দা করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কোনো ধরনের দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয়।
হরিশ পার্বতানেনি আরও বলেন, সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী, সংগঠক, অর্থদাতা এবং মদদদাতাদের জবাবদিহির আওতায় আনতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা এবং নতুন প্রযুক্তির অপব্যবহার রোধকে বৈশ্বিক অগ্রাধিকার হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
বক্তব্যে ভারত আবারও Comprehensive Convention on International Terrorism (CCIT) দ্রুত গ্রহণের দাবি জানায়। ভারতের মতে, সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে একটি সর্বজনীন আইনি কাঠামো এখন সময়ের দাবি।
Geopulse TV
