ইউরোপজুড়ে চরম দাবদাহ ও দীর্ঘস্থায়ী খরার মধ্যে স্পেন এবং ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের চরম বেগ পেতে হচ্ছে। স্পেনের মাদ্রিদের পশ্চিমে অন্তত তিনটি পৃথক দাবানল একত্রিত হয়ে একটি বিশাল অগ্নিকাণ্ডে রূপ নিয়েছে। তীব্র গরম, ঝোড়ো বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। কেবল মাদ্রিদ অঞ্চলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ, যার মধ্যে প্রায় ৩০ হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকিদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রিদের আঞ্চলিক প্রধান ইসাবেল দিয়াজ আয়ুসো এই দাবানলকে ওই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন। এল এসকোরিয়ালসহ অন্যান্য আশপাশের গুরুত্বপূর্ণ শহর ও ঐতিহ্যবাহী এলাকা রক্ষায় নেমেছে স্পেনের ‘মিলিটারি ইমার্জেন্সি ইউনিট’।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে পরিস্থিতি আরও সংকটজনক আকার ধারণ করেছে। সেখানকার জিরন্ডে (Gironde) এবং ল্যান্ডেস (Landes) অঞ্চলের দাবানল দাবানলের গতি বাড়ায় এ পর্যন্ত অন্তত ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জিরন্ডেতে প্রায় ১৯ হাজার হেক্টরেরও বেশি বনাঞ্চল ও অগণিত ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন প্রায় ৫০ জন ফায়ার সার্ভিস কর্মী।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষতিগ্রস্ত অঞ্চলে সামরিক সহায়তা এবং ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর জরুরি সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছেন। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে অতিরিক্ত তাপমাত্রা ও টানা খরা ইউরোপজুড়ে এই ধরনের ভয়াবহ আগুনের ঘটনাকে আরও ঘনঘন এবং ধ্বংসাত্মক করে তুলছে।
Geopulse TV
