বিশ্ব অর্থনীতির ওঠানামা সামাল দিতে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি পেলেন দুই আমেরিকান অর্থনীতিবিদ। ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন রবার্ট ই. হল এবং মাইকেল উডফোর্ড। অর্থনীতিতে মন্দা ও দ্রুত বৃদ্ধির সময় কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে তাঁদের গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, এই দুই অর্থনীতিবিদের তৈরি গবেষণাভিত্তিক মডেল সরকারের আর্থিক নীতি এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অর্থনীতিতে কখনও দ্রুত বৃদ্ধি দেখা যায়, আবার কখনও মন্দা দেখা দেয়। এই ওঠানামার সময় কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা বুঝতে তাঁদের গবেষণা সাহায্য করেছে। নোবেল কমিটির মতে, রবার্ট ই. হল এবং মাইকেল উডফোর্ড এমন কিছু অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যেখানে সাধারণ মানুষ ও ব্যবসায়িক সংস্থার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মানুষ কীভাবে খরচ, সঞ্চয় এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেয়, সংস্থাগুলি কীভাবে পণ্যের দাম ঠিক করে এবং ভবিষ্যতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কীভাবে পরিকল্পনা করে, তা এই মডেলগুলিতে তুলে ধরা হয়েছে।
এই গবেষণার ফলে সরকারের নীতি এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের বিভিন্ন ঘোষণার প্রভাব অর্থনীতিতে কীভাবে পড়ে, তা বোঝা সহজ হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও নীতি নির্ধারণের ক্ষেত্রে এই ধরনের মডেল ব্যবহার করে। রবার্ট ই. হল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অন্যদিকে, মাইকেল উডফোর্ড কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পুরস্কার হিসেবে তাঁদের মোট ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা দেওয়া হবে। দুই অর্থনীতিবিদ এই অর্থ সমান ভাগে পাবেন।
Geopulse TV
